bogra times cover image-1
ঢাকাWednesday , 26 August 2026

যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় ১২ নেতা

নিউজ ডেস্কঃ-
August 26, 2026 11:08 pm
Link Copied!

ডেস্ক প্রতিবেদকঃ

দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সম্ভাব্য নেতাদের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে যেকোনো সময় ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণ, জুলাই আন্দোলনে সক্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাবেক নেতাদের প্রভাব বা কোনো নির্দিষ্ট ‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণ এড়িয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও সূত্রের দাবি।

ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদারকি করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্প্রতি ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। ওই বৈঠকে নতুন নেতৃত্বের জন্য সম্ভাব্য কয়েকজনের নাম ও তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় শীর্ষ পদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বের জন্য আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন এ বি এম ইজাজুল কবির (রুয়েল), মনজুরুল আলম (রিয়াদ), শরিফ প্রধান শুভ, আমান উল্লাহ আমান, এইচ এম আবু জাফর (জাফর), মমিনুল ইসলাম (জিসান), রাজু আহমেদ, খোরশেদ আলম (সোহেল), আরিফুল ইসলাম (আরিফ), তরিকুল ইসলাম (তারিক), আবদুর রহিম (রনি) ও মিনহাজ আহমেদ (প্রিন্স)।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যাঁদের অবদান রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার সক্ষমতার প্রমাণ দিয়েছেন, আগামী কমিটিতে তাঁদের প্রাধান্য দেওয়া হবে।

তিনি জানান, প্রথম ধাপে শীর্ষ পাঁচ সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হতে পারে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আলোচনায় থাকা নামের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এদিকে নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানাতে প্রস্তুত শাখা ছাত্রদলের নেতারাও। আদাবর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম জয় বলেন, বর্তমান কমিটির নেতৃত্বে জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজপথে ছিলেন। তাঁদের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা রয়েছে। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটিকেও স্বাগত জানাতে প্রস্তুত তাঁরা।

error: Content is protected !!