bogra times Add
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে জমিজমা বিরোধের জের: ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, দীর্ঘদিনের আইনি লড়াইকে প্রভাবিত করতে এবং তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা চালানো হচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়া এলাকার বাসিন্দা উজ্জল কুমার রায়। তিনি মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

লিখিত বক্তব্যে উজ্জল কুমার রায় জানান, একই এলাকার বাসিন্দা ও তাঁর কাকাতো ভাই রমেন রায় এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন। তিনি অভিযোগ করেন, মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ পক্ষ নানাভাবে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছে।

সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষী চিহ্নিত না করেই পরিকল্পিতভাবে তাঁর পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সবচেয়ে গুরুতর অভিযোগ এনে উজ্জল কুমার রায় বলেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিওতে শুভ রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টার অভিযোগ আনা হয়। উজ্জল কুমার রায় এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, “এটি আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় ও মানহানি করার একটি সংঘবদ্ধ অপচেষ্টা।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামি রিপন রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলেও জানান উজ্জল কুমার রায়।

অভিযোগের বিষয়ে জানতে নয়ন রায়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা বলেন, “আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। এর প্রেক্ষিতে আমরা ইতোমধ্যে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।”

অন্যদিকে, শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রসঙ্গে রিপন রায় বলেন, “আমার কাছে শুভ রায় ঘটনা স্বীকার করেছে, কিন্তু আমি তাকে প্রাণনাশের কোনো হুমকি দেইনি। নিউজ সাজিয়ে লেখা হচ্ছে।” তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।