bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

হাটের বাজারে পেঁয়াজের উল্লম্ফন, মণপ্রতি বেড়েছে ১৫০ টাকা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন জেলার হাটবাজারে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এবং চাহিদা বাড়ায় প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাজার ঘুরে জানা গেছে, নাটোর জেলার বিভিন্ন হাটে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫৫০ টাকায়। একইভাবে পাবনা জেলায় পেঁয়াজের দাম রয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ।

এদিকে কুষ্টিয়া জেলার বাজারে পেঁয়াজের দাম কিছুটা কম থাকলেও সেখানে প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। অন্যদিকে রাজশাহী অঞ্চলের হাটগুলোতে পেঁয়াজের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত উঠেছে।

সবচেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে রাজবাড়ী জেলার কিছু হাটে। সেখানে প্রতি মণ পেঁয়াজের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। এছাড়া পরিবহন খরচ বৃদ্ধি ও পাইকারি বাজারে দামের প্রভাবেও খুচরা বাজারে দাম বাড়ছে।

কৃষি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন মৌসুমের পেঁয়াজ পুরোপুরি বাজারে না আসা পর্যন্ত দামের এই ঊর্ধ্বগতি কিছুটা অব্যাহত থাকতে পারে। তবে উৎপাদন বৃদ্ধি পেলে এবং সরবরাহ স্বাভাবিক হলে বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।