bogra times Add
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা: বগুড়ায় সেমাই কারখানায় ভ্রাম্যমাণ অভিযান

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার আটা পাড়া ও বৃন্দাবন পাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় যৌথ অভিযান চালিয়ে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, আটা পাড়ার “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানায় এক লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার “জেমি লাচ্ছা সেমাই” কারখানায় পনেরো হাজার টাকা জরিমানা করা হয়। দুই কারখানায় মোট এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে পরিচালনা করেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী মোঃ আব্দুল কাদের ও ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায় বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দুটিতে—

১. পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করতে দেখা যায়;
২. অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল;
৩. অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করতে দেখা যায়;
৪. ডালডা গলানো ও সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।

এই অপরাধে খাদ্য আইনে তাদের জরিমানা করা হয়। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধি মেনে চলার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশ।