bogra times Add
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬

প্রতীক্ষার পর সোমবার বগুড়া হচ্ছে সিটি করপোরেশন

বগুড়া প্রতিনিধিঃ-
এপ্রিল ১৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় বগুড়া পৌরসভা।

পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে পরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল তখনই। কিন্তু সরকারের নানা জটিলতায় বগুড়া পৌরসভা আর সিটি করপোরেশন হয়নি। পরে আওয়ামী লীগ সরকারের সময়েও বগুড়াবাসীর পক্ষ থেকে বারবার সিটি করপোরেশনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞাপ্তি জারি ও স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে এসে জানান, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু পরবর্তীতে সেটিও হয়নি।

এখন অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য রবিবার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসীর দেড়শ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।