bogra times cover image-1
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬

শেরপুরে বৃদ্ধ দম্পতির বাড়িতে গভীর রাতে ডাকাতি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার চেইন, মোবাইল ও খাদ্যসামগ্রী লুটের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া (কাজিপুর) গ্রামে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাকে হাত বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের দুল, রুপার চেইন, শাড়ি, ফ্রিজে থাকা মাছ-মাংস ও একটি বাটন মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গ্রামের মৃত শবত আলীর ছেলে মো. রইচ উদ্দিনের (৫৮) বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রইচ উদ্দিন জানান, গভীর রাতে চার সদস্যের একটি দল বাড়িতে প্রবেশ করে তাঁকে হাত বেঁধে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাঁর স্ত্রী শিরিনা বেগম স্বামীর বাঁধন খুলে দেওয়ার অনুরোধ করলে ডাকাতরা তাঁর গলায় থাকা রুপার চেইনটি দাবি করে। তিনি নিজেই চেইন খুলে তাঁদের হাতে তুলে দেন।

তিনি আরও বলেন, ডাকাতরা তাঁর নাতনি রিয়া মনির কানে থাকা স্বর্ণের দুলও খুলে নেয়। হঠাৎ এমন ঘটনায় শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় আধাঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে তল্লাশি চালায়। শিরিনা বেগম বলেন, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল চারজন। তাঁদের মধ্যে তিনজনের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং একজনের বয়স প্রায় ৩৫ বছর হবে বলে তাঁর ধারণা।

ডাকাতরা চলে যাওয়ার পর রাত দুইটার দিকে পাশের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের দুই ছেলে ঢাকায় গার্মেন্টস ও ঘরের সিলিংয়ের কাজে কর্মরত থাকায় ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় রোববার শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই দিন বিকেল তিনটার দিকে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেন।

শেরপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।