bogra times cover image-1
ঢাকাWednesday , 11 November 2026

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বাল্যবিবাহ ও মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সে জন্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। একই সঙ্গে নারী শিক্ষার প্রসার, মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষাজীবন ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে মাদকাসক্তি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। এসব সামাজিক সমস্যা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের ইতিবাচক ভূমিকা জরুরি। বিশেষ করে মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন থাকা এবং কোনো শিক্ষার্থী যাতে মাঝপথে পড়াশোনা বন্ধ না করে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!