bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

আমগাছের ডাল ভরে গেছে মুকুলে, রেণু সংগ্রহে ব্যস্ত মৌমাছি

দবিরুল ইসলাম -
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র আমগাছের ডাল ভরে গেছে মুকুলে। থোকায় থোকায় ঝুলে থাকা মুকুলের রেণু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা। মুকুলের ম ম ঘ্রাণে চারপাশ ভরে উঠেছে, পথচারীরাও এই সৌরভে বিমোহিত হচ্ছেন।

উপজেলার কাঁচা-পাকা ও গ্রামীণ রাস্তার ধার, পুকুরপাড়, বসতবাড়ির আশপাশের ফাঁকা জায়গা এবং বাণিজ্যিকভাবে গড়ে তোলা আমবাগানগুলো এখন মুকুলে ভরপুর। আয়মা জামালপুর চারমাথায় মোস্তাক আহম্মেদ সোহেল তার ব্যবসা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় আমের চারা রোপণ করেছিলেন। এখন সেই সব গাছ এত বেশি মুকুলে ভরে গেছে যে পাতাগুলো প্রায় ঢাকা পড়ে গেছে।

সোহেল জানান, তিনি চার বছর আগে ‘ব্যানানা ম্যাঙ্গো’ জাতের চারটি চারা রোপণ করেন। গত বছরের তুলনায় এ বছর গাছে অনেক বেশি মুকুল এসেছে, যা দেখে তিনি খুবই আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, এ এলাকায় সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আমের চাষ বেশি হয়ে থাকে। তিনি আরও জানান, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।