bogra times
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরে কর্মকর্তাদের প্রশিক্ষণ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে শেরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় যা আগামী ২৩ জানুয়ারি শেষ হবে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস শেরপুরের বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম, জেলা পুলিশ সুপার পিপিএম মোঃ শাহাদাত হোসেন এবং জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আছিয়া খাতুন।

কর্মশালার সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান।

প্রশিক্ষণে মোট ৯৯ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণকালে নির্বাচনের দিন ভোটগ্রহণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের গোপনীয়তা রক্ষা, পোলিং অফিসারদের তদারকি, ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, শেরপুর উপজেলায় আসন্ন নির্বাচনে মোট ৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।