bogra times
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬

গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে জেলায় জেলায় উপদেষ্টা পরিষদের প্রচারণা

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ কার্যক্রমের আওতায় উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকেই এ প্রচার কার্যক্রম শুরু করেছেন।

প্রেস উইং জানায়, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং ভোটে অংশগ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন।

প্রচারণার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে জনগণের প্রশ্ন ও মতামতও শোনা হবে।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।