bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

চতুর্থবারের মতো সরকার গঠন করবে বিএনপি, প্রধান বিরোধী দলে জামায়াত

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক  নিউজ:

দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাস পুনরুদ্ধার করেছে দলটি।

গতকাল নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭ আসনের ফলাফল অনুযায়ী, বিএনপি একক দল হিসেবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দলটির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অপর তিনটি আসন মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-তে। সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসন, যা বিএনপি একাই ছাড়িয়ে গেছে।

অপরদিকে, এ নির্বাচনে বিস্ময়কর উত্থান ঘটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।


সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদান করলে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। দীর্ঘ ২০ বছর পর বিএনপি আবারও সেই অবস্থানে ফিরল, তবে এবার নেতৃত্বে নতুন মুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান এবং এখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপি ও তার জোটসঙ্গীদের পক্ষ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

গত ৩০ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই এই বিপুল বিজয় বলে বিশ্লেষকদের মন্তব্য।


এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান। ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শুধু বিরোধী দলই নয়, সংসদীয় রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিল দলটি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে জয়লাভ করে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। অতীতে বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ থাকলেও এবার স্বতন্ত্রভাবে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে সংসদের মাঠ কাঁপানোর জন্য প্রস্তুত তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই উত্থান ত্রয়োদশ সংসদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার গঠনে কোনো বাধা না থাকলেও, শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াত ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে সরকারের গতি-প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় হওয়া তারেক রহমানের পথচলা আজ প্রধানমন্ত্রীর দোরগোড়ায়। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তৃণমূল রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে মায়ের কারাবন্দির পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ নির্বাসিত জীবনেও তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়ে যান। গত বছরের ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি আসনে জয় পেয়েছে দলটি। তাদের মিত্ররা পেয়েছেন আরও ৩টি আসন। মোট ৯ আসন নিয়ে এনসিপি জোট তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে সংসদে আসতে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি আসনে জয় পেয়েছে দলটি।

স্বতন্ত্র প্রার্থী: ৭ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।


নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতি আগামী সপ্তাহেই নতুন সংসদ অধিবেশন ডাকতে পারেন। বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, জামায়াতে ইসলামীর সংসদীয় দলের নেতা নির্বাচন ও বিরোধী দলীয় নেতার পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, দলের আমির ডা. শফিকুর রহমানকেই বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল (২৯৭ আসন)

দল/জোট আসন সংখ্যা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯
বিএনপি মিত্রদল
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও মিত্র
ইসলামী আন্দোলন বাংলাদেশ
স্বতন্ত্র
মোট ২৯৭