bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

তরুণদের উত্থান চান না পুরনো বস্তাপচা রাজনীতিবিদরা — হাসনাত আবদুল্লাহ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “পুরনো বস্তাপচা রাজনীতিবিদরাও তরুণদের উত্থান চান না। এই লড়াইয়ে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “যারা আজ আমাদের মা–বোনদের হিজাব, বোরখা খুলে ফেলতে চায়, তারা ক্ষমতায় গেলে শুধু নারীদের নয়—পুরো বাংলাদেশকেই বিবস্ত্র করে ফেলবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের ‘ইনসাফের যাত্রা’ শীর্ষক জনসভায় তিনি এ বক্তব্য দেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জোট-সমর্থিত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, “গত এক মাস ধরে একটি দল প্রকাশ্যেই আমাদের মা–বোনদের হিজাব, বোরখা ও শালীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা ক্ষমতায় গেলে দেশের নারীদের সম্মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দেশ আবারও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্বে ফিরে যাবে।”

তিনি ভোটকেন্দ্র দখলের চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন—এবার সেই সুযোগ দেওয়া হবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে।”

এনসিপির এ নেতা বিচার বিভাগ, পুলিশ ও সিভিল প্রশাসনের সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, “যারা অতীতে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে আঁতাত করে দেশ লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তারাই আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে। ব্যালটের মাধ্যমেই জনগণকে তাদের প্রত্যাখ্যান করতে হবে।”

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, “একটি পক্ষ তরুণদের ব্যর্থ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। ভারত চায় না তরুণ প্রজন্ম জিতুক, চায় না মিডিয়া মাফিয়ারা, চাঁদাবাজ ও টেন্ডারবাজরা।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, মৃত মানুষকে ভোটার বানানো হয়েছে। এই অনাস্থা দূর করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন—জনগণ আপনাদের পাশে থাকবে।”

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন, “অনেক সাংবাদিক তাদের অসহায়ত্বের কথা বলেন। দালাল মালিকানাধীন মিডিয়া সত্য সংবাদ প্রচার করতে দেয় না। ৫ আগস্টের পর আমরা যখন মন্দির–মসজিদ পাহারা দিয়েছি, সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি, তখন একটি গোষ্ঠী মিডিয়া দখল করে মাফিয়াগিরি শুরু করেছে।”

জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সরকার পতনের পর এ পর্যন্ত বিএনপির ২০০ জন খুন হয়েছেন। নেপথ্যে রয়েছে চাঁদাবাজি ও টেন্ডারবাজি।”

প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ বলেন, “টেন্ডারবাজ, বালুখেকো ও দুর্নীতিবাজদের শাহজাদপুরের মানুষ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।”

জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতারা এই সমাবেশে বক্তব্য দেন।