bogra times Add
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬

নোংরা পরিবেশে সেমাই, ডিমলায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

জামান মৃধা, ডিমলা (নীলফামারী)ঃ
মার্চ ৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনস্বার্থে পরিচালিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ বুধবার (৪ মার্চ) বিকেলে এ অভিযান চালানো হয়।

উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারসংলগ্ন মেসার্স তৃপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে। উৎপাদিত সেমাই মোড়ানো হচ্ছিল ক্ষতিকর কালিযুক্ত নিউজপ্রিন্ট কাগজে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেমাই সংরক্ষণের খাঁচাগুলোও ছিল অপরিচ্ছন্ন ও জীবাণুযুক্ত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স তৃপ্তি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, ‘রমজান মাস উপলক্ষে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপস্থিত ছিলেন। ডিমলা থানার পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।