bogra times Add
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

মাসুদ রানাঃ-
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন (৪৫) এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে তার বিভিন্ন সময়ে কথা কাটাকাটি ও বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুরে ময়েন উদ্দিনের সঙ্গে একই গ্রামের আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় আলমের পিতা আব্দুল গফুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল। তার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’

নিহত আব্দুল গফুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।