bogra times
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬

পাবনা ও নাটোরের পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণ

মাসুদ রানা, পাবনাঃ-
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। তিনি বলেন, “এই দুইদিনের প্রশিক্ষণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং আসন্ন নির্বাচনে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক সভাপতি ও শিক্ষাবিদ শিবজিদ নাগ, প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক উৎপল মির্জাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান

প্রশিক্ষণে আলোচিত হয় নির্বাচনী রিপোর্টিংয়ের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল, নির্বাচন সংক্রান্ত আইন-বিধি, ভুয়া তথ্য, অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধ, ফ্যাক্টচেকিং পদ্ধতি, ছবি-ভিডিও যাচাইকরণ, প্রতিবেদনে নিরপেক্ষতা-বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখা, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব-কর্তব্য, আচরণ বিধিমালা, নির্বাচনী সাংবাদিকতার নৈতিকতা এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

এতে পাবনা ও নাটোর জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পিআইবির এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের নির্বাচনকালীন পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।