bogra times
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক | 

দীর্ঘদিন পর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক ৭টা ৩০ মিনিটে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারেক রহমান। সেখানে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস। দুই পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় ও আলাপ-আলোচনায় অতিবাহিত করেন।

রাত ৯টা ১০ মিনিটের দিকে সাক্ষাৎ শেষে তারেক রহমান সপরিবারে যমুনা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। সেখান থেকে তিনি প্রথমে নিজ বাসভবনে যান। বাসভবনে মাত্র পাঁচ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি যমুনার উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল যেখানে দুই পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিক আলাপচারিতা হয়। উল্লেখ্য যে, গত বছরের জুন মাসে লন্ডনেও ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর দেশে তাদের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।