bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় খেজুরের বাজারে অভিযান: মেয়াদোত্তীর্ণ ৩০০ কেজি খেজুর নষ্ট, জরিমানা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ার খেজুরের বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৩০০ কেজি খেজুর জব্দ ও নষ্ট করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ টিম। একইসাথে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া স্টেশন রোড এলাকার পাইকারি ও খুচরা খেজুরের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিকানায় মেয়াদোত্তীর্ণ অবস্থায় সংরক্ষিত প্রায় ৩০০ কেজি খেজুর জব্দ করা হয়, যা পরে নষ্ট করে দেওয়া হয়। একই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরেকটি প্রতিষ্ঠানকে পণ্যের মান ও মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “পবিত্র মাসে ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ও মানসম্মত পণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে অথবা ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বগুড়া উত্তরাঞ্চলের মধ্যে খেজুরের সবচেয়ে বড় বাজার। এখানে ইরাকি জাহিদি খেজুর, দুবাইয়ের প্যাকেট খেজুরসহ নানা মান ও দামের খেজুর পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি হয়। ভোক্তা অধিকারের এ অভিযানে অনেক ক্রেতা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ব্যবসায়ীদের কেউ কেউ দাবি করেন, এই অভিযান যেন হয়রানিমূলক না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।

উল্লেখ্য, গত ডিসেম্বরে রমজান মাসে খেজুরের বাজার স্থিতিশীল রাখতে সরকার খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করলেও, বগুড়ার বাজারে ইরাকি বস্তা খেজুরের দাম গতবারের চেয়ে কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।