bogra times
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬

বগুড়ায় দুই কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

বগুড়া প্রতিনিধিঃ-
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

অস্বাস্থ্যকর পরিবেশে ও বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অবস্থিত দুটি চানাচুর কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে “মাহী চানাচুর” ও “রুচি ফুড” কারখানায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ময়লা মেঝেতে দাঁড়িয়ে চানাচুরে মসলা মেশানোর চিত্র পাওয়া যায়। পরিদর্শনে আরও দেখা যায়, অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে খাদ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া বিএসটিআইসহ প্রয়োজনীয় কোনো মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন করা হচ্ছিল এবং মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য ব্যবহার করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় “মাহী চানাচুর”কে ১ লাখ টাকা এবং “রুচি ফুড”কে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্যপণ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।