bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

মায়েরা আমাদের মাথার তাজ, তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে- ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, “মায়েরা আমাদের মাথার তাজ। তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে।” সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ডাকসু দিয়ে শুরু, জকসুতে এসে থেমেছে আপাতত। আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে।” তিনি আরও যোগ করেন, “ফ্যাসিবাদের স্লোগান ছিল, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’ – সেই দিন শেষ। আমার ভোট আমি দেব, তোমারটা তুমি দাও। কিন্তু আমার ভোট কেড়ে নিতে আসলে হাত গুড়িয়ে দেব।”

দলীয় আমির বলেন, “আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে লেগেছে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু হয়েছে, কিন্তু এতে লাভ হবে না, নিজেরাই ফেঁসে যাবে।”

তিনি আরও দাবি করেন, “গত ৫৪ বছরে দেশে কিছুই হয়নি, এ কথা বললে ভুল হবে। তবে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল, ততটা হয়নি। কারণ, যারা ভোটের আগে মিষ্টি কথা বলে, ভোট শেষ হতেই তারা সুর পাল্টে ফেলে।”

জুলাই মাসের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাইয়ের স্লোগান ছিল – We Want Justice (আমরা ন্যায়বিচার চাই)। তোমার পাওনা তুমি নাও, আমার পাওনা আমাকে দাও। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেশের অতি শিক্ষিত ছেলেমেয়েরা বলে দিয়েছে, আমরা চাঁদাবাজদের পক্ষে নেই।”

তিনি বলেন, “আমরা দলীয় সরকারের রাজত্ব কায়েম করতে চাই না, পরিবারতন্ত্র চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার।” তিনি দাবি করেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না, ক্ষমতায় আসবে ১৮ কোটি মানুষ। আমরা চাই রাষ্ট্রের সবকিছু সঠিকভাবে বণ্টন করা হোক।”

জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী প্রমুখ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা ও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।