bogra times
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রির উদ্যোগ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকা ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

কার্যকাল ও লক্ষ্য

রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের উদ্দেশ্য হলো রমজান মাসে প্রাণিজ আমিষের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখা।

সিদ্ধান্ত গ্রহণ

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

বিক্রয় কেন্দ্রের স্থান

প্রাথমিকভাবে ঢাকার ২৫টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র খোলা হবে:

১. আব্দুল গনি রোড (সচিবালয়ের পাশে)
২. খামারবাড়ি (ফার্মগেট)
৩. মিরপুর ৬০ ফুট রোড
৪. আজিমপুর মাতৃসদন
৫. পুরান ঢাকার নয়াবাজার
৬. উত্তরা হাউজ বিল্ডিং
৭. রামপুরা বাজার
৮. হাজারীবাগ
৯. মতিঝিলের আরামবাগ
১০. মিরপুর কালশী
১১. যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ
১২. বাড্ডার শাহজাদপুর
১৩. বনানীর কড়াইল বস্তি
১৪. কামরাঙ্গীরচর
১৫. খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ
১৬. নাখালপাড়া লুকাস মোড়
১৭. সেগুনবাগিচা কাঁচাবাজার
১৮. মোহাম্মদপুর বাবর রোড
১৯. বসিলা
২০. কাকরাইল
২১. বনশ্রী
২২. মিরপুর-১০
২৩. কল্যাণপুর
২৪. তেজগাঁও
২৫. বঙ্গবাজার

সম্প্রসারণ পরিকল্পনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হবে।