bogra times Add
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

ল্যাট্রিনের পাশে সেমাই! বগুড়ায় দুই কারখানাকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
মার্চ ৩, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ-:

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে বগুড়ার নিশিন্দারা এলাকার দুইটি লাচ্ছা সেমাই কারখানায় বিপুল পরিমাণ জরিমানা করা হয়েছে। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পায়ে মাড়িয়ে ময়দা মাখানো ও পোড়া তেল ব্যবহারের দায়ে “আলিফ লাচ্ছা সেমাই” কারখানাকে তিন লাখ টাকা এবং “শাহ লাচ্ছা সেমাই কারখানা” (মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস)-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট জরিমানার পরিমান দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল ও জেলা পুলিশ।

অভিযানকালে পরিদর্শক দল দুই কারখানায় নির্মম অপরিচ্ছন্নতার চিত্র দেখতে পান। কারখানার ভেতরে পায়ে মাড়িয়ে ময়দার খামি তৈরি করে সেমাই উৎপাদন করা হচ্ছিল। অত্যন্ত নোংরা পরিবেশে পণ্য সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ল্যাট্রিন সংলগ্ন স্থানে ও পঁচা আবর্জনার স্তূপের পাশে খোলা অবস্থায় সেমাই প্রস্তুত ও মজুত রাখা হয়েছিল।

আরও দেখা যায়, সেমাই ভাজতে ডালডা গলিয়ে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির কোনো নমুনা পাওয়া যায়নি। এছাড়া কারখানা দুটি কোনো বৈধ নিবন্ধন বা মান সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় এসব অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন। এসময় প্রায় ১০০ কেজি পায়ে মাড়িয়ে তৈরিকৃত ময়দা ও সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে ভোক্তা ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধি মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি রোধে নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।