bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে মহিলা জামায়াতের এক কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এক কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় দুই হাজার নারী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেরপুরের ধুনট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন।

উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল সুলতানা ইয়াসমিন বলেন, “ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো।”

মিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা বলেন, “বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। তাদের আর দমিয়ে রাখা যাবে না।”

এই কর্মসূচিতে বগুড়া-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা-৪ আসন ও টাঙ্গাইল এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগের প্রতিবাদে সারা দেশের মতো শেরপুরেও এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।