bogra times Add
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬

শেরপুরে সেমাই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ১, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর,বগুড়া প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া, অভিযান পরিচালনা করে শেরপুর উপজেলার গোপালপুর এলাকার “নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস” নামক একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে। আজ (রোববার, ০১ মার্চ ) দুপুরে  অভিযানে প্রতিষ্ঠানটির অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের চিত্র ধরা পড়ে।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বাধীন টিম দেখতে পান, প্রতিষ্ঠানটির মিষ্টি (মিছরি) তৈরি ও সংরক্ষণের ব্যবস্থা চরম অস্বাস্থ্যকর। নোংরা পরিবেশের পাশাপাশি সেমাই সংরক্ষণের জন্য কালিযুক্ত কাগজ ব্যবহার করা হচ্ছিল, যা খাদ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়াও সেমাই সংরক্ষণের খাঁচাগুলো ছিল নোংরা ও জীবাণুযুক্ত, এবং ফ্রিজে ফাংগাসযুক্ত কাপে দই সংরক্ষণ করতে দেখা যায়। দই সংরক্ষণের জন্য নন-ফুড গ্রেডের প্লাস্টিক ব্যবহারের প্রমাণও মেলে, যা সরাসরি ভোক্তাদের স্বাস্থ্যের সঙ্গে প্রতারণার শামিল।

এই গুরুতর অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (শেরপুর) তাহমিনা আক্তার ও ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সহায়তা করেন জেলা পুলিশ।

অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযুক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে ভবিষ্যতে সরকারের নির্ধারিত আইন ও বিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেন এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন।