bogra times
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬

শেরপুরে স্কুল বাস ও সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২০, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) | ২০ জানুয়ারি, ২০২৬

বগুড়া: বগুড়ার শেরপুরে ঘন কুয়াশার মধ্যে ওভারটেক করতে গিয়ে অজ্ঞাতনামা একটি স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 নিহত ব্যক্তির নাম প্রদীপ (৪৫)। তিনি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ধুনট থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শেরপুরের দিকে আসছিল। শালফা এলাকায় পৌঁছালে সিএনজিটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সামনের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসকে দেখতে না পারায় সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে একজনের মরদেহ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। অজ্ঞাত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।