bogra times Add
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

সেমাই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৮, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ডলি ফুড প্রোডাক্টস নামক একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (০৮ মার্চ) বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার বারদুয়ারী এলাকায় অবস্থিত এই কারখানায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অনিয়ম ধরা পড়ে। অভিযানকালে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুরি ভাজা, নিমকি ও মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন, পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে সেমাই তৈরিতে ব্যবহার এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার মতো অপরাধ প্রমাণিত হয়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার ও ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানের সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করে জেলা পুলিশ।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে আগামী ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত সংস্কার ও সরকারি আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।