bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সিদ্ধান্ত সংসদের ওপর নির্ভরশীল: ইসি

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ও প্রতীক ব্যবহারের বিধান সংশোধন নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। তবে সংসদের আসন্ন অধিবেশনে এই অধ্যাদেশটি অনুমোদন বা সংশোধন করা হলে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

“অধ্যাদেশে মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। সংসদ অধিবেশন শুরু হলে যদি এটি অনুমোদিত হয়, তাহলে সেই নিয়মে নির্বাচন হবে। আর পরিবর্তন হলে ভিন্নভাবে এগোতে হবে। আমরা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি,” বলেন ইসি মাছউদ।

বর্তমানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায়, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে কি না, তা অনেকাংশে দলটির অবস্থানের ওপর নির্ভর করছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ১২ মার্চ বা তার কয়েকদিন আগে অধিবেশন শুরু হতে পারে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সংরক্ষিত নারী আসনের তফসিল দ্রুত ঘোষণা
নির্বাচন কমিশনার আরও জানান, সংরক্ষিত নারী আসনের তফসিল খুব শিগগিরই ঘোষণা করা হবে। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যে প্রার্থীদের মনোনয়ন দেবে, তারাই মূলত নির্বাচিত হবেন। বিধি অনুযায়ী শপথের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করা হবে।

পহেলা বৈশাখের আগেই দুটি আসনের উপনির্বাচন
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখের আগেই আয়োজনের পরিকল্পনার কথা জানান রহমানেল মাছউদ। বিএনপি চেয়ারম্যান আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনে উপনির্বাচন হচ্ছে। অপরদিকে, একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।