bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: আইন উপদেষ্টা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ ও নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রমজান শুরুর আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে। এরপর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।”

আসিফ নজরুল আরও বলেন, “আমরা আশা করছি, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ পবিত্র রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। নির্বাচন-পরবর্তী সব সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অটুট থাকবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। নতুন সরকার গঠনের পথ সুগম হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।