bogra times
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬

২৫ বছর পর বন্ধুত্বের মিলনমেলা, আরডিএতে লিজেন্ড বগুড়ার পুনর্মিলনী

এনাম হকঃ-
জানুয়ারি ৩০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

“এসো বন্ধু পাশে থাকি, সুখে-দুঃখে কাছাকাছি – জয় হোক বন্ধুত্বের” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘লিজেন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কার্নিভাল ২০২৬’। শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে মিলিত হন ২০০০ সালের এসএসসি ও ২০০২ সালের এইচএসসি ব্যাচের বন্ধুরা।

শীতের সকালে আরডিএ প্রাঙ্গণ পরিণত হয় আবেগ, উচ্ছ্বাস আর স্মৃতির মিলনমেলায়। দীর্ঘ ২৫ বছর পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে অনেকেই ফিরে যান স্কুলজীবনের রঙিন দিনগুলোতে। কোথাও হাসির ঝলক, কোথাও পুরোনো দুষ্টুমির গল্প, আবার কোথাও আবেগে ভিজে ওঠে চোখ। সময়ের ব্যবধান ভুলে সবাই যেন আবার হয়ে ওঠেন সেই চেনা সহপাঠী।

লিজেন্ড বগুড়ার আয়োজনে এই অনুষ্ঠান শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বন্ধুদের পরিবার-পরিজনের উপস্থিতিতে পুরো আয়োজনটি রূপ নেয় এক বড় পারিবারিক উৎসবে। শিশুদের আনন্দ, নারীদের অংশগ্রহণ আর সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো দিনজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশফিয়া চৌধুরী ও তারিকুল ইসলাম তারা। প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী এই পুনর্মিলনীতে অংশ নেন। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ২৫ বছর পর এতগুলো পরিচিত মুখ একসঙ্গে দেখে মনে হচ্ছে সময় যেন পিছিয়ে গেছে। এই অনুভূতি জীবনে খুব কমই আসে।

আয়োজক কমিটির প্রতিনিধি রাকিব, নাহিদ, গোবিন্দ, সোহাগ, শিহাব ও আসাদ জানান, বন্ধুত্ব কেবল স্মৃতিচারণের বিষয় নয়। জীবনের কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়ানোই বন্ধুত্বের প্রকৃত মানে। এই ভাবনা থেকেই লিজেন্ড বগুড়া নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

উল্লেখ্য, লিজেন্ড বগুড়া দীর্ঘদিন ধরে রক্তদান, দুস্থদের সহায়তা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানবসেবায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় লটারি ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় ঢাকা–কক্সবাজার রুটের বিমান টিকিট। দিনশেষে আনন্দ, স্মৃতি আর বন্ধুত্বের বন্ধনে আরও দৃঢ় হয়ে ঘরে ফেরেন অংশগ্রহণকারীরা।