bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ সার মজুদের বিরুদ্ধে শেরপুরে অভিযান, জরিমানা ও সার জব্দ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিলাশপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে রফিকুল নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়। রানিরহাট বাজার থেকে আরও ৫৪ বস্তা সার উদ্ধার করা হলেও সারের মালিককে পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও শেরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত ৭৮ বস্তা সার ন্যায্যমূল্যে বিক্রি করে প্রায় ৯১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রানিরহাট বাজার থেকে উদ্ধার হওয়া ৫৪ বস্তা সারও কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত ৬৭ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভোক্তা পর্যায়ে সারের সংকট তৈরি করে মুনাফা লোভী ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করছেন। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, কৃষকদের স্বার্থে ও ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।