bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি

নিউজ ডেস্কঃ-
মার্চ ১৭, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক, ঢাকা:

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটির প্রথম দিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ছুটির দিন সকাল থেকেই পাম্পগুলোর সামনে গাড়ির চাপ বাড়ে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে।

সকাল ১০টায় রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনিবাস ও পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন তেল দেওয়ার অপেক্ষায় ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন মোটরসাইকেলের সারি ছিল কিছুটা কম।

প্রাইভেট কারের চালক মো. জসিম তেল নেওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি জানান, আগের দিনের তুলনায় আজ কম সময় অপেক্ষা করতে হচ্ছে। “অন্য দিন আরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। আজকে তুলনামূলক কম সময় অপেক্ষা করতে হচ্ছে,” বলেন তিনি।

অন্যদিকে, আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে সকাল থেকে জ্বালানি তেল দেওয়া শুরু হলেও ১০টার কিছু আগে তা বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে শতাধিক যানবাহন তেলের অপেক্ষায় ছিল। সাড়ে ১০টায় এসে দেখা যায়, এখনো সেখানে অপেক্ষমাণ গাড়ির সংখ্যা শতাধিক।

তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. আজম তেল সরবরাহ বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেন, “তেল শেষ হয়ে গেছে। তাই আপাতত তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল এলে আবারও দেওয়া হবে।”

কখন থেকে পুনরায় তেল দেওয়া শুরু হবে—জানতে চাইলে তিনি বলেন, “অন্তত বেলা ২টা বাজবে।”

ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন চলাচল এবং একযোগে জ্বালানি নেওয়ার কারণে পাম্পগুলোতে এ ভিড় তৈরি হয়েছে বলে ধারণা করছেন ভোক্তারা। ছুটির দিনেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।