bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া, ২১ ফেব্রুয়ারি: কুষ্টিয়া শহর সংলগ্ন বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজির চালক ও চার যাত্রী রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটির শহরের ত্রিমোহনী এলাকা থেকে বাইপাস হয়ে বটতলের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি যানবাহন ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।