bogra times cover image-1
ঢাকাFriday , 13 March 2026

তিন মাস পর যশোরে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ

Link Copied!

বেনাপোল প্রতিনিধি:

দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে যশোরে জেলা ও দায়রা জজ পদে নতুন বিচারক নিয়োগ দিয়েছে সরকার। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ শূন্যতার পর নিয়োগ

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হয়ে রাজশাহীতে চলে যান। এরপর প্রায় তিন মাস পর, ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যশোরে যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি তিনিও বদলি হয়ে গেলে জেলা ও দায়রা জজ আদালতের পদটি আবারও শূন্য হয়ে পড়ে।

এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দায়িত্বপ্রাপ্ত হিসেবে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু দীর্ঘদিন পূর্ণকালীন জেলা জজ না থাকায় বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ ওঠে।

আইনজীবীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে

এ নিয়ে আইনজীবীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতির প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচিও পালন করে।

এই প্রেক্ষাপটে যশোরের বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দিয়েছে।

আগামী রোববার যোগদান

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বলেন, “নতুন জেলা জজ নিয়োগের তথ্য আমরা পেয়েছি। তিনি নড়াইল থেকে আসছেন। আগামী রোববার যশোরে যোগদান করার কথা রয়েছে।”

নতুন জেলা জজের যোগদানের মাধ্যমে দীর্ঘদিনের শূন্যতা পূরণ হতে যাওয়ায় যশোরের বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবী মহলে স্বস্তি ফিরে এসেছে।

error: Content is protected !!