bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতিবাজ, চাঁদাবাজদের রমজানে হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো : পাটওয়ারী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভবিষ্যতে ঢাকা-৮ আসনে কেউ ভোট চুরি করতে এলে তার হাত-পা ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের সময় বিভিন্ন চাপ ও প্রলোভন উপেক্ষা করার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনকালে তার কাছে বহু ক্রিমিনাল, ব্যবসায়ী এমনকি প্রশাসনের লোকজনও এসেছেন। তারা তাকে আপসের প্রস্তাব দিয়েছিলেন—কারও সঙ্গে ডিল করার, আবার কেউ বলেছিলেন মুখ বন্ধ করে রাখলে জয়ী করে দেওয়ার। তবে তিনি কারও সঙ্গে আপস করেননি বলে জানান।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হয়ে শাপলা কলি প্রতীকে লড়াই করা এনসিপি নেতা বলেন, “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমরা মুখ বন্ধ করবো না।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের ভ্যানগার্ড হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যেসব লোক সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি করে আমরা রমজানে তাদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো।”

সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি ব্যাপক আলোচিত হয়েছিলেন। এনসিপির এই নেতা আরও বলেন, “ভবিষ্যতে যদি কেউ ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে, সে যদি কারও ওয়াইফ (স্ত্রী) কিংবা ভাতিজাও হয়, আমরা তার হাত-পা ভেঙে দেবো। এটা ওসমান হাদির আসন, আমরা তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করবো।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়, বরং সিস্টেম পরিবর্তনই তাদের প্রধান টার্গেট এবং তারা সেটির জন্যই কাজ করে যাবেন।