bogra times Add
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬

দোকানঘর দখলের অভিযোগে শেরপুর থানায় লিখিত অভিযোগ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ১৫, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের বাসিন্দা মো. তোজাম্মেল হক (৬৫) সোমবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লক্ষীখোলা মৌজার ৮৪১ নম্বর দাগে ২ দশমিক ২৫ শতাংশ জমি বর্তমানে তাঁর ভোগদখলে রয়েছে। ওই জমিতে তিনি একটি দোকানঘর নির্মাণ করেন।

অভিযোগে বলা হয়, গত ১১ মে দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের আব্দুর রউফ তাঁর অনুমতি ছাড়া দোকানঘরের তালা ভেঙে জোরপূর্বক দখলে নেন। পরে বিষয়টি জানতে চাইলে আব্দুর রউফ জানান, তোজাম্মেল হকের ভাই মোজাম্মেল হকের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন।

তোজাম্মেল হক অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুললে তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুর রউফ। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। জমির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। জোরপূর্বক দখল বা ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন, জমি-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।