bogra times Add
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬

নদী দূষণের অভিযোগ ভিত্তিহীন দাবি এসআর কেমিক্যালের, নিরপেক্ষ তদন্তের দাবি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৬, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে করতোয়া, বাঙালী ও ফুলজোড় নদীর পানি দূষণের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, তাদের কারখানার বর্জ্যের কারণে নদীর পানি দূষিত হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয়। প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্তের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক এ. কে. এম. মাসুদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এসআর কেমিক্যাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক রাসায়নিক উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। এখানে কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পারঅক্সাইডসহ বিভিন্ন ধরনের রাসায়নিক উৎপাদন করা হয়। এসব পণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় এলাকার বাসিন্দা।

নদী দূষণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারখানায় উৎপাদিত বর্জ্যের একটি বড় অংশ স্থানীয় পেপার মিল ও ডাইং কারখানায় সরবরাহ করা হয়। অবশিষ্ট সামান্য অংশ অত্যাধুনিক ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) এর মাধ্যমে পরিশোধন করে পুনঃব্যবহারযোগ্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত শর্ত মেনে এই পরিশোধিত পানি নিষ্কাশনের জন্য কারখানায় পৃথক বহির্গমন পথ বা আউটলেট রয়েছে।

সম্প্রতি শেরপুর শহরের বারুনীর ঘাট এলাকায় মাছ ও জলজ প্রাণী মারা যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই স্থানটি তাদের কারখানার আউটলেট থেকে প্রায় সাত কিলোমিটার উজানে অবস্থিত। ভৌগোলিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কারখানার বর্জ্য উজানে গিয়ে পানি দূষিত করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কারখানা পরিদর্শন করে নদী দূষণের কোনো প্রমাণ পায়নি। এছাড়া গত ৪ মার্চ ২০২৬ তারিখেও নদীর ছয়টি ভিন্ন পয়েন্ট থেকে পানি সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল সরকার নির্ধারিত মানদণ্ডের মধ্যেই রয়েছে বলে দাবি করা হয়।

এসআর কেমিক্যাল কর্তৃপক্ষ নদী দূষণের প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। তারা যেকোনো সময় কারখানা পরিদর্শন ও নদীর পানি নমুনা পরীক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে এসআর কেমিক্যালের মহাব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়া, ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আকন্দ ও উপব্যবস্থাপক আলী রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।