bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকারের অভিযানে ‘শেরপুর দই ঘর’ কে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
জুন ৪, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি: সাধারণ ভোক্তার অভিযোগের ভিত্তিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত ‘শেরপুর দই ঘর’-এ যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে ফাঙ্গাসযুক্ত দই বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগও সত্য বলে প্রতীয়মান হয়।

অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের তদন্তে প্রতিষ্ঠানটিতে থাকা বিভিন্ন সরা ভর্তি ফাঙ্গাসযুক্ত দই জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়। এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘শেরপুর দই ঘর’-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সাতমাথা এলাকায় অবস্থিত অন্যান্য দই উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিযানে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল

এ ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেসা ফৌজিয়া। সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশ।