bogra times cover image-1
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় অস্বাস্থ্যকর তেল ও রঙ মেশানোর অপরাধে লাচ্ছা সেমাই কারখানাকে জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় একটি লাচ্ছা সেমাই কারখানায় অনুমোদনহীন রঙ মিশিয়ে পণ্য তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় কারখানা থেকে ৬০ কেজি অস্বাস্থ্যকর তেল ও প্রায় ৯০ মণ রঙ মেশানো লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় অবস্থিত ‘সারাবেলা লাচ্ছা সেমাই’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২)–এর সিপিএসসি বগুড়া কোম্পানি ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে এ অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারায় কারখানার মালিক নাদিরা সুলতানা (৪৭) কে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জরিমানা আদায় করেন।

র‌্যাব-১২–এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় ক্ষতিকর রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত তেলটিও ছিল অস্বাস্থ্যকর ও ভোজ্য তেল হিসেবে ব্যবহারের অনুপযোগী। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু উৎপাদকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।