bogra times cover image-1
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় আফিফ চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

বার্তা বিভাগ
অক্টোবর ৪, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি করা হচ্ছিল। এ ছাড়া নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ, চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে প্রতীয়মান হয়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। পাশাপাশি ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বগুড়া সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।