bogra times cover image-1
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি, মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং ময়লা মেঝেতে পাউরুটি রাখার অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নূর বেকারিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া গুণগত মান যাচাইয়ের সনদ না থাকা রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।

এ ছাড়া খাদ্য তৈরির কাজে পরিষ্কার-পরিচ্ছন্ন এসএস স্টিলের টেবিলের পরিবর্তে অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার করা হচ্ছিল। প্রস্তুত করা পাউরুটি ময়লা মেঝেতে ফেলে রাখার দৃশ্যও দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে, এসব অনিয়মের বিষয়ে নূর বেকারির মালিকের কাছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।