bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহালের ঘোষণা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নাম পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০০৯ সালে পিলখানায় সেনা হত্যাকাণ্ডের পর সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করেছে। এমনকি তাদের ইউনিফর্মও বদলে দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করতে চাই।” তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে কখনও এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা সেনা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ বা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, “সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া যায় না, গৌরব অর্জনের বিষয়। একটি রাজনৈতিক দল হিসেবে বলতে পারি, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না।”