bogra times Add
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনর্বিবেচনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ-

চাঞ্চল্যকর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনর্বিবেচনা করে নতুন করে বিচারকার্য সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পুনরায় একটি কমিশন গঠন করে পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং ওই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী বিচারিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও রয়েছে।”

পুলিশ প্রশাসনে লটারিতে পদায়ন নিয়ে প্রশ্ন

মতবিনিময় সভায় পুলিশ বাহিনীর পদায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলায় ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা তিনি স্বচ্ছ মনে করছেন না।

“আমাদের একটা মেসেজ ক্লিয়ার-চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যার যেখানে যাওয়ার কথা না, সেখানে দেওয়া হয়েছে। যারা যে জেলা সামলাতে পারবেন না, তাদের সেখানে দেওয়া হয়েছে। এগুলো সার্ভিস রেকর্ড দেখে দেওয়া উচিত ছিল। আমরা মনে করি এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এগুলো নিয়ে কাজ করবো,” বলেন সালাহউদ্দিন আহমদ।

সুবিধাবাদী মামলা থেকে সাধারণ মানুষকে রক্ষার নির্দেশ

পাঁচ আগস্টের পর দায়ের করা বিভিন্ন মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ে অনেক সুবিধাবাদী গ্রুপ সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে মিথ্যা মামলায় জড়িয়েছে। এ বিষয়ে তদন্ত করে বাস্তব অবস্থা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

“পাঁচ আগস্টে বেশকিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ ভোগান্তিতে ফেলতে সাধারণ অনেককে মামলায় জড়িয়েছে। এগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এ কাজগুলো পুলিশ করবে,” বলেন তিনি।

পুলিশের কাজে বাধা নয়, জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ

পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ তাদের দ্বারা হয়রানির শিকার না হয়।

“পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করা হবে, যাতে তাদের দ্বারা মানুষ হয়রানির শিকার না হয়। রাজনৈতিক কারণে বিধির বাইরে পুলিশ সুপাররা যেন কাউকে প্রোটোকল না দেয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।