bogra times Add
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত চাল আমদানি শেষ ১৬ দিনে এসেছে ৫ হাজার টন চাল

বেনাপোল সংবাদদাতাঃ
মার্চ ১১, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল সংবাদদাতাঃ

ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টায়। এই সময়সীমার মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ৫ হাজার ৫ টন নন-বাসমতি মোটা সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গত ১৬ দিনে মোট ৩২টি চালানের মাধ্যমে এই চাল আমদানি করা হয়। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলে ১০ মার্চ পর্যন্ত। এসব চাল বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে।

চাল আমদানির সঙ্গে জড়িত দুটি প্রতিষ্ঠান হলো হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং কেবি এন্টারপ্রাইজ। বন্দর থেকে চাল ছাড়করণের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।

হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, ভারত থেকে ১৪১টি ট্রাকে আনা এই চাল বেনাপোল বন্দর পর্যন্ত আনতে প্রতি কেজিতে খরচ হয়েছে প্রায় ৫০ টাকা। তিনি জানান, খোলা বাজারে এই চাল প্রতি কেজি ৫১ টাকায় বিক্রি করা হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে দুটি প্রতিষ্ঠান প্রায় ৫ হাজার টন মোটা চাল আমদানি করে।

তিনি আরও জানান, এর আগে গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে এই বন্দর দিয়ে মোট ৬ হাজার ১২৮ টন চাল আমদানি হয়েছিল।