bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ-
জুলাই ৩০, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সামগ্রিক প্রস্তুতি বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ভূমিকম্প পরবর্তী তৎপরতা জোরদার করতে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও এর আশপাশের এলাকায় জরুরি সেবা নিশ্চিত করতে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং বাকি ৩০ হাজার দ্রুত প্রস্তুত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়েও বিশদ আলোচনা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপায় এবং ঢাকায় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছাতে ‘হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ)’ বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের বিষয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।