bogra times Add
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬

ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হঠাৎ করেই হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতাল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। এম্বুলেন্সের লগ বই, জরুরি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিস্ট্রার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন সংসদ সদস্য।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে সবার আগে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করে দিতে হবে। কোনো অবস্থাতেই যেন রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন না ঘটে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।’

হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাসপাতালের সমস্যাগুলোর একটি তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব।’

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম আরো বলেন, ‘জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।’