bogra times cover image-1
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর বিরোধ, শেরপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৯, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে এক মাংস ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর ভাতিজাকে মারধর এবং ক্যাশে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগকারী মো. রুবেল (৩৮) শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি শেরপুর রেজিস্ট্রি অফিস বাজারে মাংসের ব্যবসা করেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে রুবেল জানান, একই বাজারে মাংসের ব্যবসা করেন শহিদুল ইসলাম। সম্প্রতি অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে জরিমানা করেন। ওই ঘটনার জন্য তাঁকে সন্দেহ করে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রুবেলের অভিযোগ, রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলামসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর দোকানে হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে আহত করা হয়। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর ভাতিজা নয়নকেও মারধর করা হয়। একপর্যায়ে দোকানের ক্যাশে থাকা মাংস বিক্রির নগদ এক লাখ টাকা নিয়ে যান অভিযুক্তরা বলে তিনি দাবি করেন।

তবে অভিযুক্ত শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।