bogra times cover image-1
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬

মহাসড়কে উল্টোপথে দ্রুতগতির ট্রাক, শেরপুরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৯, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও যানবাহনটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলার ঘোগা বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন (৪৫) উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তাঁর চাচা বক্ত জামাল (৫৫), বক্ত জামালের স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০) এবং অটোভ্যানচালক মো. শাহ আলম (৪৫)। আহতদের মধ্যে শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ বক্ত জামালকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী চান্দাইকোনা বাজারে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথেই ঘোগা বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের যানে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত ওই ট্রাকটি উল্টোপথে আসছিল এবং সংঘর্ষের মুহূর্তে তার গতি ছিল অস্বাভাবিক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে খুঁজতে অভিযান চলছে। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’