bogra times Add
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬

যশোরে তিন আদালত বর্জন: আইনজীবীদের সংবাদ সম্মেলন, আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ
মার্চ ৯, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ সোমবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিচার বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয় এবং আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালত বর্জন করেও কোনো প্রতিকার মেলেনি। আইরিন পারভীন আইনজীবীদের বাদ রেখেই বাদী ও আসামি পক্ষের স্বজনদের নিয়ে বিচারকাজ করছেন এবং সেখানে বাড়তি পুলিশি ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি।

‘তিনি আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা সমীচীন নয়,’ বলেন অ্যাডভোকেট সাবু।

তিনি আরও জানান, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের ওপর তাদের কোনো ক্ষোভ নেই। তবে তিনি আইন-কানুন যথাযথভাবে জানেন না এবং জেলা ও দায়রা জজ হিসেবে অযোগ্য বলে অভিযোগ করেন তারা। এসব বিষয়ে আইনজীবীরা সমিতিতে অভিযোগ দেন। এমনকি অনাস্থা প্রকাশ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের সঙ্গে সমিতির পক্ষ থেকে বৈঠকও করা হয়েছিল। তিনি কথা দিয়েছিলেন এবং পরে দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু এরপর তিনি আরও খারাপ আচরণ করা শুরু করেছেন বলে দাবি করা হয়।

শেষ পর্যন্ত গত বুধবার দুপুরে জরুরি সভা করে সর্বসম্মতিক্রমে তার দুটি আদালত ও যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এরপর ভারপ্রাপ্ত জেলা জজ আইরিন পারভীন আইনজীবী ছাড়াই বিচারকার্য শুরু করেন। এতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

সংবাদ সম্মেলনে সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘ওই আদালতে অন্য বিচারক দিলেই আমরা আদালতে ফিরে যাব। কিন্তু যশোরের বিচার বিভাগের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উল্টো আইনজীবীদের প্রতিপক্ষ ভেবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদও একইভাবে ইচ্ছামতো কাজ শুরু করেছেন। বারের সঙ্গে সমন্বয় না করেই আদালতে এজলাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আগামী বুধবার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন এবং বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুর, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী মঈনুল হক খান ময়না প্রমুখ।

কী নিয়ে এই ক্ষোভ?

আদালত সূত্রে জানা গেছে, যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম গত বছরের ২৮ আগস্ট বদলি হন। তিন মাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীরও বদলি হলে জেলা ও দায়রা জজ পদটি শূন্য হয়ে পড়ে।

এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, যা নিয়ে আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম. এম. মোর্শেদ বেশ কিছু দিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করলেও তিনি সম্প্রতি ঢাকায় বদলি হন। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন আইনজীবীরা। এরই মধ্যে গত বুধবার তারা আদালত বর্জনের ঘোষণা দেন, যা সোমবার সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।