bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী রেঞ্জের সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধি:

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন। তদন্তকাজে দক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ শেরপুর থানার এসআই জয়নুল আবেদীনের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার তদন্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং তদন্ত কার্যক্রমে পেশাদারত্বের কারণে জয়নুল আবেদীনকে রাজশাহী রেঞ্জের সেরা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মাননা পাওয়ার পর জয়নুল আবেদীন বলেন, তদন্ত কর্মকর্তার দায়িত্ব হলো নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা উদ্‌ঘাটন করা। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর এই অর্জনকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। দায়িত্ব পালনে এমন স্বীকৃতি অন্য পুলিশ সদস্যদেরও আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।