bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬

লাইসেন্স না থাকায় শেরপুরে দুই স মিলকে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ৩০, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে লাইসেন্স ছাড়াই পরিচালিত দুটি স মিলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মহাসড়কের ওপর অবৈধভাবে রাখা কাঠ জব্দ এবং বাকি কাঠ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম এ শফিকুল ইসলাম এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, মহাসড়ক দখলমুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ যেন সড়কের ওপর অবৈধভাবে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।