bogra times cover image-1
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধ: বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে একটি মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি থেকে জব্দ করা ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস করা হয়।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার জমাদারপুকুর এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমাদারপুকুরের পাপিয়া অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজনের মতো প্রয়োজনীয় তথ্য লেবেলে উল্লেখ করা হয়নি। মুড়ি তৈরিতে আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহার করা হচ্ছিল।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির প্রতিনিধি বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই বস্তায় থাকা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শাজাহানপুরের বেতগাড়ী বটতলা এলাকায় রাগেব ট্রেডার্সেও পরিদর্শন করা হয়। সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান ও পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিএসটিআই ও উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।